বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি), ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের ২০২৫-২০২৬ সেশনের নবাগত শিক্ষার্থী আদিবা সাহার এর অকাল মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৫ আগস্ট) শোক ও দুঃখ প্রকাশ করেছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
এছাড়াও শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
এক শোকবার্তায় যবিপ্রবি উপাচার্য বলেন, আদিবা সাহার এর মতো একজন সম্ভাবনাময় শিক্ষার্থীর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। সে কেবল তার উচ্চশিক্ষার পথচলা শুরু করেছিল। তার এই অকাল মৃত্যুতে যবিপ্রবি পরিবার একজন মেধাবী শিক্ষার্থীকে হারাল এবং তার পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়। যবিপ্রবি উপাচার্য তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরম করুণাময়ের নিকট তার আত্মার শান্তি ও জান্নাত কামনা করেন।
সিডিএম বিভাগের নবাগত এই শিক্ষার্থী সম্প্রতি হেমোরেজিক ডেঙ্গু ফিভারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট আদিবা সাহার অসুস্থ হয়ে পড়লে তাকে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৬ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। ১৬ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত ঢাকায় দুইটি ভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করা হয়। অবশেষে গত ২৪ আগস্ট রাত ৯.২০ মিনিটে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল, ভবন-৪ এর আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে তার বড় ভাই ফয়সাল ইসলাম শাওন জানিয়েছেন। আদিবা সাহার এর পিতার নাম মো. কাজী শাহজাহান ও মাতা ফৌজিয়া খান বিনা। তাঁর গ্রামের বাড়ি খুলনা জেলায়।
আদিবা সাহার এর আকস্মিক মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, সিডিএম বিভাগ ও সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। আজ বাদ জোহর ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের তত্ত্বাবধায়নে তার আত্মার মাগফেরাত কামনায় যবিপ্রবি কেন্দ্রীয় মাসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও, আদিবা সাহার এর মৃত্যুতে সিডিএম বিভাগের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। তার চিকিৎসায় রক্তদাতা ও আর্থিকভাবে যারা সহযোগিতা করে পাশে ছিলেন, সিডিএম পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রতিনিধি/এজে