Dhaka Mail Logo

শিক্ষা

ঢাকা কলেজের হলগুলোতে সিট বরাদ্দে অনিয়ম, দুপুরে বিক্ষোভের ডাক

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট ২০২৬, ১১:২৪ এএম

ঢাকা কলেজের হোস্টেলে সিট বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে কলেজটির বঞ্চিত ছাত্ররা।  মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় ক্যাম্পাসটির শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। 

তাদের অভিযোগ, ২০২৬-২৭ সেশনের জন্য ঢাকা কলেজের হলগুলোতে নতুন করে সিট বরাদ্দে প্রশাসনের অনিয়ম করেছে। সেই সঙ্গে রাজনৈতিক স্বজনপ্রীতির অভিযোগও তুলেছেন তারা। 

ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এক ফেসবুক পোস্টে এই নিয়মের প্রশ্ন তুলে লিখেছেন, কলেজ প্রশাসনের বিজ্ঞপ্তিতে শ্রেণিকক্ষে উপস্থিতি, পরীক্ষার ফলাফল ও পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় সিট বরাদ্দের কথা বলা হয়েছে।

তার দাবি, বাস্তবে বিভাগ থেকে ভাইভার মাধ্যমে প্রাথমিকভাবে সুপারিশ করা শিক্ষার্থীদের কয়েকজনের নাম পরবর্তী সময়ে বাদ দেওয়া হয়েছে। এতে মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে সিট বরাদ্দের মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কর্মসূচির ঘোষণাকারী শিক্ষার্থী শাহিন আলম জানান, হলের সিট বরাদ্দে অ্যাকাডেমিক রেজাল্ট, শ্রেণিকক্ষে উপস্থিতি ও শিক্ষার্থীর আর্থিক অবস্থা বিবেচনা করে সিট বরাদ্দ দেওয়া হয়নি। 

রাজনৈতিক দলের সুপারিশে হলে সিট বরাদ্দের নীতিমালা না মেনে সিট দেওয়া হয়েছে। এই অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করবে।

জানা গেছে, গতকাল রাতে কলেজটির বিভিন্ন ছাত্রাবাসে নতুন ১১০ জনকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু দেখা যায়, যাদের সিট পাওয়ার কথা তারা না পেয়ে রাজনৈতিক বিবেচনায় অনেকে সিট পেয়েছে। এই সিট বরাদ্দ কলেজ প্রশাসন অনিয়ম করেছে এমন অভিযোগ ওঠে। 

পরে বঞ্চিত ছাত্ররা সামাজিক মাধ্যমে পোস্ট করে বিষয়টি নিয়ে সমালোচনা করতে শুরু করেন। 

এআরএম