Dhaka Mail Logo

শিক্ষা

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে একাডেমিক মাইগ্রেশনের সিদ্ধান্ত চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট ২০২৬, ০৭:৪৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের বিষয়ে ঐকমত্য হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের মতামত পর্যালোচনা করে গত ২৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট সব পক্ষ স্থানান্তরের বিষয়ে একমত পোষণ করেছে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (শিক্ষা মন্ত্রণালয়), সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

এতে আরও বলা হয়, প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) এর মধ্যে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন মনে করে, এ সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক মানোন্নয়নে বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব প্রদানের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী, অধ্যক্ষবৃন্দ, শিক্ষকসমাজ ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

এম/এএস