বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ০৫:৪৯ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর। অনলাইনে আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৯ জানুয়ারি।
রোববার (২৩ আগস্ট) চবির ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার অনুষ্ঠিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৩০ জানুয়ারি এ ইউনিট, ৩ ফেব্রুয়ারি বি-১ উপ-ইউনিট, ৪ ফেব্রুয়ারি বি-২ উপ-ইউনিট, ৫ ফেব্রুয়ারি বি ইউনিট, ৬ ফেব্রুয়ারি ডি ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারও চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী—এই তিন বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে বি-১, বি-২ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি/এসএস