Dhaka Mail Logo

শিক্ষা

মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট ২০২৬, ০৭:৪৫ পিএম

দেশে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সন্তোষজনক নয়, সেগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে ইউজিসি আয়োজিত ‘ভাইস-চ্যান্সেলরস ডায়ালগ: শেপিং দ্য ফিউচার অব হায়ার এডুকেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলোর মান সন্তোষজনক নয়। এসব প্রতিষ্ঠান চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শিক্ষার মান নিশ্চিত করার ক্ষেত্রে ইউজিসিকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ালেই উচ্চশিক্ষার উন্নয়ন নিশ্চিত হবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নেই, সেগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

Minister_of_Education_and_Vice_Chancellor_of_the_University
‘ভাইস-চ্যান্সেলরস ডায়ালগ: শেপিং দ্য ফিউচার অব হায়ার এডুকেশন’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিবৃন্দ। ছবি- সংগৃহীত

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণার পরিধি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। 

তিনি বলেন, ‘শিক্ষার উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে না পারলে শিক্ষার কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার সুযোগ আরও বাড়াতে হবে।’

মন্ত্রী জানান, গবেষণাকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার কাজ করছে। ইতোমধ্যে শিক্ষা বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ করা হয়েছে। পর্যায়ক্রমে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেটের সংকট দূর করার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়েও গবেষণার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি গবেষণার সুযোগ সৃষ্টি হচ্ছে কি না, সে বিষয়ে ইউজিসিকে নজর দিতে হবে। উচ্চশিক্ষার মানোন্নয়নের সঙ্গে গবেষণা ও উদ্ভাবনকে যুক্ত করতে হবে।’

‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, দেশের শিক্ষক-শিক্ষার্থীরা বিদেশে ভালো ফলাফল করার পাশাপাশি গবেষণায়ও উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছেন। বিদেশে থাকা এসব মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনে তাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে।

এ সময় বাংলাদেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্বের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে অপচয়ের জায়গা চিহ্নিত করে তা বন্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জেড এন তাহমিদা বেগম।

‘উচ্চশিক্ষা রূপান্তরে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত দুই দিনব্যাপী এ সংলাপে সরকারি ও বেসরকারি প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন।

এমএইচ/এএম