বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২০ আগস্ট ২০২৬, ১০:৩৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাঁজা সেবনের অভিযোগে দুই রিকশাচালককে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় হস্তান্তর করা হলে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন বিএনসিসি অফিসের কাছে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন- এনামুল হক (৪৫) ও মঞ্জু (৪২)।
আরও পড়ুন
আটক এনামুল হকের গ্রামের বাড়ি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায়। তিনি বর্তমানে সাভারের রাজাসন এলাকায় কুবাত আলীর মেসে থাকেন। অপর আটক মঞ্জুর গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়। তিনি সাভারের মজিদপুরে দুদুর গ্যারেজে থাকেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই এলাকায় গাঁজা সেবনের সময় কয়েকজন শিক্ষার্থী তাদের দেখতে পান। পরে শিক্ষার্থীরা তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় খবর দেন। নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।
নিরাপত্তা শাখায় নেওয়ার পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশে জানানো হলে পুলিশ এসে তাদের নিরাপত্তা শাখা থেকে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সরকার ও রাজনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেসবাউল হক বলেন, বিকেলে মাঠের দিকে হাঁটার সময় গাঁজার গন্ধ পাই। পরে দেখতে পাই, দুই ব্যক্তি গাঁজা সেবন করছেন। বিষয়টি দেখে কয়েকজন শিক্ষার্থী মিলে তাদের আটক করি এবং নিরাপত্তা শাখায় খবর দিই। পরে নিরাপত্তা কর্মকর্তারা এসে তাদের নিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ বলেন, বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে আটকদের আমাদের কাছ থেকে নিয়ে যায়।
প্রতিনিধি/এলএ