জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম
স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন অনলাইনে শুরুর প্রক্রিয়ার মধ্যেই এবার মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর দিল কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
তবে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রস্তুত হতে দেরি হওয়ায় আপাতত ম্যানুয়াল বা হার্ডকপিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন তারা।
আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে শূন্য পদের বিপরীতে আসা আবেদনগুলো যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব মো. রাহাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবার থেকে দূরে থাকা শিক্ষকদের ভোগান্তি কমাতে গত ২ জুন ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদরাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করা হয়েছিল। তবে অনলাইন সফটওয়্যার পুরো প্রস্তুত না হওয়ায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে হার্ডকপিতে আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এতে আরও বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠাবে। বিভাগের চূড়ান্ত অনুমোদনের পরই বদলি কার্যকর হবে।
‘বদলি নীতিমালা-২০২৬’-এর ৩.১৯ বিধি অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে এই যাচাই ও প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।
মঙ্গলবার (১৮ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের অনলাইন বদলি আবেদন প্রক্রিয়া আগামী ২১ আগস্ট (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে।
বিইউ/এএম