Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক

জেলা প্রতিনিধি

১৯ আগস্ট ২০২৬, ০৭:৩৭ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশমাইল এলাকায় গাঁজাসহ মিজানুর রহমান মিজান (৬৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটকের সময় তার কাছ থেকে দুই গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক মিজানুর রহমানের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে। বর্তমানে তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় বসবাস করেন।

আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীর মাদক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে বলে দাবি করেন চিশতী। তাদের মধ্যে শহীদ সালাম-বরকত হলের পরিচ্ছন্নতাকর্মী মো. বিজয়, নতুন কলা ভবনের পরিচ্ছন্নতাকর্মী স্বধিব এবং বেগম খালেদা জিয়া হলের নিরাপত্তাকর্মী রিপনের নাম রয়েছে বলে তিনি জানান।

চিশতী বলেন, জাকসু ও প্রশাসনের সমন্বয়ে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে অভিযান ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আটক ব্যক্তির কাছ থেকে গাঁজা উদ্ধারের পাশাপাশি আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তের মাধ্যমে মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশা করছেন। জাকসুর বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। পরে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ নিয়ে এসে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করি।

প্রতিনিধি/টিবি