বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত ‘২+২’ একাডেমিক প্রোগ্রামের আওতায় চার বছর মেয়াদি অনার্সের প্রথম দুই বছর রাবিতে এবং শেষ দুই বছর জাপানের অংশীদার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় ঢাকার বনানীর হোটেল আমারি ঢাকায় রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে জাপানের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে একাডেমিক সহযোগিতা, শিক্ষার্থী বিনিময় ও যৌথ শিক্ষা কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা হয়। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, নির্ধারিত একাডেমিক যোগ্যতা ও প্রোগ্রামের কাঠামো পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা জাপানের অংশীদার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনার্সের শেষ দুই বছর পড়াশোনা করবেন। প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করলে তারা সংশ্লিষ্ট জাপানি বিশ্ববিদ্যালয় থেকে সনদ পাওয়ার সুযোগ পাবেন।

জাপানের প্রতিনিধিদলে ছিলেন কিবিগাকুয়েন এডুকেশনাল ইনস্টিটিউশনের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান ড. হিরোইউকি ইজিরি এবং প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমার রিজিওনাল ওরিয়েন্টেড স্টাডিজের রিসার্চ অর্গানাইজেশনের পরিচালক অধ্যাপক ড. শিনজিরো ওগিতা।
এ সময় রাবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, প্রস্তাবিত ‘২+২’ একাডেমিক প্রোগ্রাম শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের একাডেমিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় তাদের আরও দক্ষ করে তুলবে। পাশাপাশি বাংলাদেশ ও জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা ও শিক্ষার্থী চলাচলের নতুন ক্ষেত্র তৈরি হবে।
তিনি আরও বলেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।
প্রতিনিধি/এসএস