Dhaka Mail Logo

শিক্ষা

ভারতীয় মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক

১৬ আগস্ট ২০২৬, ০২:২৪ এএম

৭ পিস ভারতীয় মাদক ট্যাপেন্টাডলসহ আটক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করে মতিহার থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গোলাম কবির।

জানা গেছে, আটক ছাত্রদল নেতা হাসিবের বিরুদ্ধে এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্রলীগ নেতাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তিনি সংগঠন থেকে বহিষ্কৃত হন। নিজের মালিকানা দাবি করে অন্যের ফুডকার্ট হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া বহিরাগতদের নিয়ে রাবির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ আছে এই নেতার বিরুদ্ধে।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ছাত্রদল সবসময় মাদকমুক্ত শিক্ষাঙ্গণ গড়তে বদ্ধপরিকর। এখনো নিশ্চিত নই, মাদক তার নিজের কাছে ছিল নাকি তার বন্ধুদের কাছে ছিল। যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’

মতিহার থানার ওসি গোলাম কবির বলেন, ‘হাসিব মাদকসহ আটক হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘বাংলাদেশের আইন অনুযায়ী মাদক নেওয়া ও ক্রয় বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ।  যেহেতু মাদক নিয়ে ধরা পড়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী ওর ব্যবস্থা নেওয়া হবে৷ আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছি।’

প্রতিবেদক/এএম