নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৬, ০৫:০৮ পিএম
একাডেমিক উৎকর্ষ সাধন ও গবেষণার মানোন্নয়নে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, নীতি সংলাপ, দক্ষতা উন্নয়ন, যৌথ সেমিনার আয়োজন এবং শিক্ষা বিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হলো।
সমঝোতা স্মারকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ইফতেখারুল হক এবং বিআইডিএসের পক্ষে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সচিব সুভাষ চন্দ্র সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক ড. এ কে এনামুল হক, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দেক, কোষাধ্যক্ষ এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী (অব.) এবং অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এই সমঝোতার ফলে দুই প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি দেশের অর্থনীতি, উন্নয়ন ও নীতি নির্ধারণসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথ গবেষণা ও জ্ঞানচর্চার সুযোগও বাড়বে।
এম/এফএ