নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম
শিক্ষকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী শনিবার (১৫ আগস্ট) থেকে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা বিতরণ শুরু হচ্ছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে মোট ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পাবেন। এর মধ্যে কল্যাণ ট্রাস্টের আওতায় ৪৪ হাজার শিক্ষক-কর্মচারী এবং অবসর সুবিধা বোর্ডের আওতায় ৭৫ হাজার শিক্ষক-কর্মচারী রয়েছেন।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে শিক্ষকদের অবসর ও কল্যাণের টাকা বিতরণের বিষয়ে সম্মতি দেওয়া হয়। এর পরই পাওনা পরিশোধের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হয়।
জানা গেছে, কল্যাণ ট্রাস্টের আওতায় থাকা শিক্ষক-কর্মচারীদের পাওনার পুরো অর্থই পরিশোধের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে অবসর সুবিধা বোর্ডের আওতাভুক্তদের মধ্যে নির্ধারিত ব্যক্তিদের ৫ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে আগামীকাল শুক্রবার (১৪ আগস্ট) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলন করবেন। সেখানে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণের বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবসরের অপেক্ষায় থাকা ১ লাখ ৫ হাজার ৬৪৪ শিক্ষকের পাওনা পরিশোধে প্রায় ৯ হাজার ৭৫৭ কোটি টাকা প্রয়োজন। এর মধ্যে গত এপ্রিল পর্যন্ত অবসর সুবিধা বোর্ডে জমা হওয়া ৫৯ হাজার ৮২০টি আবেদনের বিপরীতে প্রয়োজন প্রায় ৭ হাজার ১৭৬ কোটি টাকা।
অন্যদিকে, কল্যাণ ট্রাস্টে গত মার্চ পর্যন্ত জমা হওয়া ৪৫ হাজার ৮২৪টি আবেদনের বিপরীতে প্রয়োজন প্রায় ২ হাজার ৫৮১ কোটি টাকা।
শিক্ষকদের দীর্ঘদিনের পাওনা পরিশোধে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়কে ৩ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। শুরুতে অর্থ বিভাগ থেকে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও পরে তা বাড়ানো হয়।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার আগে শিক্ষকদের অবসর সুবিধার অর্থের ঘাটতি পূরণে অর্থ বিভাগে ডিও লেটার পাঠান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানে অবসর সুবিধা বোর্ডের জন্য ২ হাজার কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দের অনুরোধ জানানো হয়েছিল।
বিশাল এই অর্থ বরাদ্দের ফলে দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের একটি বড় অংশের পাওনা পরিশোধের পথ তৈরি হয়েছে। এখন শনিবারের উদ্বোধনের মধ্য দিয়ে সেই অর্থ বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
এম/এএস