নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম
নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর অংশ হিসেবে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নজরুলের সৃষ্টিকর্মভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্টদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রতিযোগিতা আয়োজনের আগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা এবং প্রধানমন্ত্রীর গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সময়সূচি যাচাই করতে হবে। এসব কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক না হয়—এমনভাবে প্রতিযোগিতার সময়সূচি নির্ধারণ করতে হবে।
এ জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকরা নিজ নিজ মন্ত্রণালয়ের মাধ্যমে লিখিত প্রতিবেদন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবেন। পুরো কার্যক্রম বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং কারিগরি শিক্ষা অধিদফতর সমন্বিতভাবে কাজ করবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় মন্ত্রী বা সংসদ সদস্যদের পরামর্শ নেবেন। প্রতিযোগিতা আয়োজনের বিস্তারিত নির্দেশিকা প্রস্তুত করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠাবে।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রতিযোগিতার ব্যয় সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিজস্ব বাজেট থেকে নির্বাহ করতে হবে। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে।
নজরুল বর্ষের এ আয়োজনে শুধু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান নয়, কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম সম্পর্কে আগ্রহ ও চর্চা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এম/এমআই