Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

কুমিল্লা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন

জেলা প্রতিনিধি

১০ আগস্ট ২০২৬, ০৩:২০ পিএম

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন। জিপিএ-৫ পাওয়া ৯ হাজার ৮১৪ জনের মধ্যে ছেলে ৩ হাজার ৯৬৬ জন এবং মেয়ে ৫ হাজার ৮৪৮ জন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞানে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ, মানবিকে ৫০ দশমিক ৬১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৭ দশমিক ৪০ শতাংশ।

এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস