Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

এসএসসির ফলে কুমিল্লা বোর্ডে পাসের হারে শীর্ষে ফেনী

জেলা প্রতিনিধি

১০ আগস্ট ২০২৬, ০৩:১৫ পিএম

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ফেনী। জেলায় এবার পাসের হার ৭২ দশমিক ৬২ শতাংশ। কুমিল্লা শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ফেনী জেলার ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২১টি কেন্দ্রে ১৪ হাজার ৯০০ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১০ হাজার ৮২১ জন পাস করেছে এবং ৪ হাজার ৭৯ জন অকৃতকার্য হয়েছে। জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৯ জন শিক্ষার্থী।

images

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া—৭১ দশমিক ৫০ শতাংশ। এরপর কুমিল্লায় ৬৪ দশমিক ৭৮, লক্ষ্মীপুরে ৬৩ দশমিক ৯১ এবং চাঁদপুরে ৬৩ দশমিক ৬৩ শতাংশ। সবচেয়ে কম পাসের হার নোয়াখালীতে, ৫৯ দশমিক ৯৮ শতাংশ।

387b3265-a979-4f75-b513-b77bfad41bed

এদিকে ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও প্রতিষ্ঠানটি ফেনীর ভালো ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘কুমিল্লা বোর্ডে ফেনীর শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফলাফল করেছে। বিষয়টি ফেনীবাসীর জন্য অবশ্যই সুখবর এবং আমাদের জন্য আনন্দের। আমরা চাই, এসব শিক্ষার্থী ভবিষ্যতে ব্যক্তিগত জীবনেও ফেনীবাসীর জন্য সুনাম বয়ে আনবে। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সমৃদ্ধ জীবন কামনা করছি।’

প্রতিনিধি/এসএস