Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

যশোর বোর্ডে এসএসসিতে ১১ বিদ্যালয়ে শূন্য পাস

জেলা প্রতিনিধি

১০ আগস্ট ২০২৬, ০৩:১০ পিএম

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের পাসের হার নেমে এসেছে শূন্য শতাংশে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত তালিকায় এ তথ্য জানা গেছে।

তালিকা বিশ্লেষণে দেখা যায়, শূন্য পাসের এই ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে ফল প্রকাশের পর দেখা যায়, তাদের কেউই কৃতকার্য হয়নি। এসব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি সাতজন পরীক্ষার্থী ছিল সাতক্ষীরা নাইশা সেকেন্ডারি স্কুলের।

আরও পড়ুন

যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে মেয়েরা

শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—সাতক্ষীরা নাইশা সেকেন্ডারি স্কুল, মণিরামপুরের হেলানচি কৃষ্ণবাটি সেকেন্ডারি গার্লস স্কুল, ডুমুরিয়ার কাটেঙ্গা সেকেন্ডারি স্কুল, শরণখোলার ডি. এন. একতা গার্লস হাইস্কুল, আশাশুনির গোদাড়া সেকেন্ডারি স্কুল, খালিশপুরের আসমা সরোয়ার ইসলামিক হাইস্কুল, মণিরামপুরের চাঁদুয়া সমস্কাটি গার্লস হাই স্কুল, শার্শার শরৎতলা জুনিয়র গার্লস হাইস্কুল, দেবহাটার বাবুরাবাদ ধাপুখালী সেকেন্ডারি স্কুল, শার্শার মুক্তিযোদ্ধা জি. কে. জি. এস. সেকেন্ডারি গার্লস স্কুল এবং শ্যামনগরের সাহেবখালী সিদ্দিক গাজী সেকেন্ডারি স্কুল।

শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, সেগুলোর বিরুদ্ধে বোর্ডের বিধি অনুযায়ী কারণ দর্শানোর নোটিশসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস