নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট ২০২৬, ০১:৪৪ পিএম
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ। এছাড়া ৪৯২টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের পর শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ফলাফল সংক্রান্ত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ; এই নয় সাধারণ শিক্ষা বোর্ডের অধীন মোট ১৮ হাজার ৪২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির পাসের হার শূন্য শতাংশ। বিপরীতে ৪৯২টি প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ।
বোর্ডভিত্তিক হিসাবে দিনাজপুর বোর্ডে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি। ওই বোর্ডে ১৮টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। এছাড়া ঢাকা বোর্ডে ৬টি, রাজশাহী বোর্ডে ৫টি, যশোর বোর্ডে ১১টি, চট্টগ্রাম বোর্ডে ৮টি, বরিশাল বোর্ডে ৫টি এবং ময়মনসিংহ বোর্ডে ৪টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। তবে কুমিল্লা ও সিলেট বোর্ডে শতভাগ ফেল কোনো প্রতিষ্ঠান নেই।
অন্যদিকে শতভাগ পাসের হিসাবে ঢাকা বোর্ডে ৮২টি, রাজশাহী বোর্ডে ৩৫টি, কুমিল্লায় ২৪টি, যশোরে ৩৬টি, চট্টগ্রামে ২১টি, বরিশালে ১৫টি, সিলেটে ৯টি, দিনাজপুরে ২৪টি এবং ময়মনসিংহে ২৪৬টি প্রতিষ্ঠান রয়েছে।
এ ছাড়া সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ৮০টি প্রতিষ্ঠানের পাসের হার ১ থেকে ১০ শতাংশের মধ্যে, ৫০৪টির ১০ থেকে ২০ শতাংশের মধ্যে, ১০ হাজার ৩২২টির ২০ থেকে ৫০ শতাংশের মধ্যে এবং বাকি প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের বেশি হলেও শতভাগের নিচে।
এমএইচ/এমআর