Dhaka Mail Logo

শিক্ষা

ফলাফলে উচ্ছ্বসিত মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট ২০২৬, ০১:১৬ পিএম

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা এসএসসির ফলাফল পাওয়ার পর উচ্ছ্বসিত। আনন্দে মাতোয়ারা হয়ে উল্লাস করছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে অভিভাবক ও শিক্ষকরা।

সোমবার (১০ আগস্ট) সকালে ফলাফল পেয়ে স্কুলে এসে তাদের আনন্দ উল্লাসের চিত্র দেখা যায়।

জাহিদুর ইসলাম নামের এক শিক্ষার্থী মোবাইলের এসএমএস দেখে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমার এই ফলাফল অর্জনের জন্য আল্লাহর শুকরিয়া। শিক্ষক ও বাবা-মায়ের প্রতিও কৃতজ্ঞতা।

এদিকে বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন স্কুলের স্কাউটের সদস্যরাও। তাদের এমন বাঁধভাঙা উল্লাসে মিলিত হয় অভিভাবকরাও।

কাঙ্ক্ষিত ফল পেয়ে শিক্ষার্থীদের অনেকেই মা-বাবাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানে আসেন। এ সময় তাদের ফুল ও বাদ্যযন্ত্রের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়।

সায়েমা তাসনিম নামের এক শিক্ষার্থী ঢাকা মেইলকে বলেন, রেজাল্ট পেয়ে প্রথমে আমার আম্মুকে ফোন দিয়ে জানাই। আম্মু অফিস থেকে স্কুলে চলে আসেন। এতে আমার অন্যরকম এক ভালোলাগা কাজ করছে৷

স্কুল প্রাঙ্গণে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন। অনেকে তুলছেন বাবা-মায়ের সঙ্গে। দিনটিকে তারা স্মরণীয় করে রাখতে চাচ্ছেন।

জিপিএ- ৫ পাওয়া হামিম বলেন, পরীক্ষার প্রস্তুতি গোছানো ও সুন্দরভাবে নিয়েছিলাম। ফলাফল ভালোই হয়েছে। তবে গোল্ডেন মিস হয়ে গেছে।

আব্দুল কাদের নামের অভিভাবক বলেন, ‘ফল প্রকাশের পর সন্তানের মুখে হাসি দেখার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এতদিনের অপেক্ষা ও দুশ্চিন্তার পর আজকের দিনটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন অংশ নেয়।

এসএসসিতে এবার পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। দাখিলে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ জন।

এমআর/এমআই