জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম
বিগত বছরগুলোতে বিভিন্ন কারণে বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নে ‘গ্রেজ’ নাম্বার দিয়ে সহানুভূতি দেখানোর নির্দেশনা দেওয়ার নজির থাকলেও এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় এমন কোনো নির্দেশনা ছিল না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বরং অভিন্ন ও মানসম্পন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না।’
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্ন ছিল- অতীতে শিক্ষার্থীদের প্রতি সহানভূতি দেখানোর নির্দেশনা দেয়া হয়েছিল। কারও হয়তো অল্প কিছু নম্বর যোগ করার কারণে ভালো ফলাফল করেছে।– এমন প্রশ্ন কেড়ে নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এমন তো কিছু আমার জানা নেই।’
শিক্ষকরা মন খুলে খাতায় নম্বর দেওয়ার ক্ষেত্রে খুবই কঠোর ছিল, আপনার কাছে কী মেসেজ ছিল-এমন প্রশ্নের জবাবে এহসানুল হক বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না।’
পরীক্ষার ফলাফল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে।
পরীক্ষায় ভালো করার কথা থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না উল্লেখ করে এহসানুল হক বলেন, এবছর আমরা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নিয়েছি। স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা হয়েছে।
এ সময় এবারের ফলাফলকে সুন্দর ফলাফল বলেও উল্লেখ করেন তিনি।
খাতা পুনঃপরীক্ষণে নতুন পদ্ধতির কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে আমরা এটি পরিবর্তন করেছি। যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিইউ/এমআর