Dhaka Mail Logo

শিক্ষা

শতভাগ পাস করা প্রতিষ্ঠান কমেছে ৩১৫টি

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট ২০২৬, ১১:১১ এএম

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে, এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ৯৮৪টি। ফলে এক বছরের ব্যবধানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৩১৫টি।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

প্রকাশিত ফল অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়নি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তবে গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮৪টি। সে হিসাবে এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩২ শতাংশ কমেছে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হারও গত বছরের তুলনায় কমেছে। ফলে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি সামগ্রিক ফলাফলের নিম্নমুখী প্রবণতার সঙ্গে মিল রয়েছে।

সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

চলতি বছরের ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, বিপরীতে ৩৭ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

এদিকে প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী মঙ্গলবার (১১ আগস্ট) থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ১৭ আগস্ট পর্যন্ত।

এমএইচ/এমআর/এমআই