Dhaka Mail Logo

শিক্ষা

শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম

দেশের প্রতিটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা কোথায় ও কী ধরনের গাছ লাগাচ্ছে, তার হিসাব সংরক্ষণ করা হবে। প্রয়োজন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও গাছ সরবরাহ করা হবে।’

রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘তোমরা প্রত্যেকে বাসার সামনে, স্কুল-কলেজে কিংবা রাস্তার পাশে একটি করে গাছ লাগাবে। তোমরা যে গাছ লাগাবে, সেগুলোর হিসাবও রাখা হবে। প্রতিটি স্কুল ও কলেজে লাগানো গাছের তালিকা থাকবে।’

তিনি বলেন, ‘বর্ষাকালে পর্যাপ্ত পানি ও অনুকূল আবহাওয়ার কারণে নতুন লাগানো গাছ দ্রুত বেড়ে ওঠে। তাই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এখনই বৃক্ষরোপণ কার্যক্রমে যুক্ত হতে হবে।’

আমিনুল হক বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সবুজ করে তোলা।’

তিনি বলেন, ‘আমাদের নির্বাচনি অঙ্গীকারে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। দেশ ও শহরকে আরও সবুজ করতে হলে সবাইকে এ কর্মসূচিতে অংশ নিতে হবে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না, ভবিষ্যতে তা মানুষকে ফল, ছায়া ও ঔষধিসহ নানা উপকার দিতে পারে। তাই প্রতিটি শিক্ষার্থীর একটি করে গাছ লাগানোর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগায় এবং সেটির যত্ন নেয়, তাহলে সম্মিলিতভাবে বড় ধরনের সবুজায়ন সম্ভব।’

আরাফাতের ময়দানের নিমগাছ রোপণের উদাহরণ তুলে ধরে আমিনুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে মানুষের উপকার করে আসা এসব গাছের মতো ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বৃক্ষরোপণ করে যেতে হবে। মানুষের উপকারে আসে- এমন একটি গাছ লাগানোও বড় একটি ভালো কাজ।’

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে শত শত গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচিকে সফল করতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।’

এম/এএম