নিজস্ব প্রতিবেদক
০৮ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম
বিভিন্ন বিভাগের আট শিক্ষার্থীকে অন-ক্যাম্পাস পার্টটাইম চাকরি দিয়েছে দেশের স্বনামধ্যন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ)।
ডিজিটাল মার্কেটিংয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব কর্মঅভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সভা কক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচিত আট শিক্ষার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
এসময় তিনি বলেন, ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বাস্তব কর্মদক্ষতা অর্জনে উৎসাহিত করতে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়ে আসছে। অন-ক্যাম্পাস পার্টটাইম চাকরি তারই একটি অংশ। আমি আশাবাদী, শিক্ষার্থীরা এখানে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতাকে ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগিয়ে সফলতা অর্জন করবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন মো. মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক শোয়েব আব্দুল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
এছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্টার নিউজের ওয়েব অ্যান্ড জিজিটাল মিডিয়া বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. মেহেদি হাসান।
প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থীদের অন-ক্যাম্পাস চাকরির দায়িত্ব ও কাজের ধরন সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট তৈরি, প্রচার কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এএইচ