Dhaka Mail Logo

শিক্ষা

জবিতে রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ফল উৎসব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৭ আগস্ট ২০২৬, ০৯:২৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দেশীয় মৌসুমি ফলের সঙ্গে পরিচিতি বাড়ানো এবং জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ লাইচ মিয়ার উদ্যোগে এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান জয়ের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। উৎসবে দেশীয় নানা মৌসুমি ফল পরিবেশনের পাশাপাশি শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে পরিচিতি, মতবিনিময় ও আনন্দঘন সময় কাটান।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ লাইচ মিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়জীবনে জেলা-ভিত্তিক সংগঠনগুলো শুধু সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে না, বরং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও আত্মিক বন্ধন গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফল উৎসব সেই বন্ধনকে আরও দৃঢ় করার একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা এ ধরনের আয়োজন সামনেও অব্যাহত রাখব।’

সাধারণ সম্পাদক জাহিদ হাসান জয় বলেন, ‘দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি করার পাশাপাশি নতুন ও পুরোনো শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি এবং সৌহার্দ্য বাড়ানোর উদ্দেশ্যেই আমাদের এ আয়োজন। রংপুরের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়জীবনের প্রতিটি পর্যায়ে একে অপরের পাশে থেকে একটি ইতিবাচক ও সহমর্মিতাপূর্ণ পরিবেশ গড়ে তুলুক।’

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষার্থীবান্ধব আয়োজন অব্যাহত থাকবে।

প্রতিবেদক/এআর