Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

ইবিতে সহপাঠীদের ব্যক্তিগত ছবি শেয়ারের অভিযোগ, ছাত্রীকে সাময়িক বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৭ আগস্ট ২০২৬, ০২:০৭ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ হলের এক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি তাদের অনুমতি ছাড়া অন্য একজনের কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। অভিযোগের পর তাকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অভিযুক্ত শিক্ষার্থী অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তুবাউল জান্নাত ঐশী।

অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে হলের কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তাদের অনুমতি ছাড়া আবিদ নামে লন্ডনপ্রবাসী এক ব্যক্তির কাছে পাঠাতেন। বৃহস্পতিবার (৬ আগস্ট)  রাত ৯টার পর বিষয়টি প্রকাশ্যে এলে হলের আবাসিক ছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন

জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে গোপন কার্যকলাপ তদন্তে কমিটি

অভিযোগকারী শিক্ষার্থী ও রুমমেটদের দাবি, সম্প্রতি অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে ওই ব্যক্তির ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে তিনি ভুক্তভোগীদের কাছে কিছু ছবি পাঠান। তাদের ভাষ্য, এ পর্যন্ত অন্তত ১০ জন শিক্ষার্থীর ছবি শনাক্ত করা হয়েছে। অভিযোগের সমর্থনে তারা কিছু স্ক্রিনশট সংরক্ষণ করেছেন বলেও দাবি করেন।

ঘটনার পর থেকেই জুলাই-৩৬ হলের আবাসিক ছাত্রীরা ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী তুবাউল জান্নাত ঐশী বলেন, তিনি পরিস্থিতির চাপে ওই ব্যক্তিকে কিছু ছবি পাঠিয়েছিলেন। তার দাবি, ভিডিও কলে নিজের পরিস্থিতি বোঝানোর জন্য তিনি রুমমেটদের ছবি পাঠাতেন। তিনি আরও বলেন, প্রায় এক সপ্তাহ আগে ওই ব্যক্তি তাকে বিয়ের জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় তিনি পূর্বে পাঠানো ছবিগুলো অন্যদের কাছে পাঠাতে শুরু করেন। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।

0c73e9d8-e274-4552-82b8-beffd9a544d6

অভিযুক্তের প্রেমিক হিসেবে পরিচয় দেওয়া লন্ডনপ্রবাসী আবিদ অভিযোগ করেন, ঐশী তার কাছে বিভিন্ন শিক্ষার্থীর ছবি পাঠাতেন। তিনি এ বিষয়ে আপত্তি জানালেও তা বন্ধ হয়নি বলে দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, তাদের ব্যক্তিগত সম্পর্কের অবনতির পর বিষয়টি প্রকাশ্যে এসেছে। তার এসব বক্তব্যের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. একেএম শামছুল হক ছিদ্দিকী বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

5fd338ed-b07b-42a3-9923-4ba398a71099

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষার্থীও আংশিকভাবে বিষয়টি স্বীকার করেছেন। তাই তাকে প্রাথমিকভাবে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রতিনিধি/এসএস