Dhaka Mail Logo

শিক্ষা

জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনের চূড়ান্ত পর্বে যবিপ্রবির শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৬ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

জাতিসংঘের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হ্যাকাথন ইউজিং এআই ফর ডিজিটাল ট্রেড রেগুলেটরি এনালাইসিস’ ফলাফলে বিশ্বের সেরা পাঁচ দলের মধ্যে স্থান অর্জন করেছে বাংলাদেশের ‘টিম জেড-এআই বিডি’। 

এ দলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী হিসেবে রয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সানিউল বশির সাজ।

বুধবার প্রকাশিত হয় এই ফলাফল। জাতিসংঘের ইউনাইটেড ন্যাশনস ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ইউএনইএসসিএপি)-এর উদ্যোগে এবং কিং মংকাট'স ইন্সটিটিউট অফ টেকনোলজি লাডক্রাবাং, থাইল্যান্ড-এর সহযোগিতায় আয়োজিত এ বৈশ্বিক হ্যাকাথনের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত আইন ও বিধিমালা বিশ্লেষণের জন্য কার্যকর ওপেন সোর্স সমাধান তৈরি করা। প্রতিযোগিতাটি গবেষক, সফটওয়্যার প্রকৌশলী, এআই বিশেষজ্ঞ, আইনবিদ এবং নীতিনির্ধারণ বিশ্লেষকদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার প্রকল্প জমা দেওয়ার শেষ সময় ছিল ২০ জুলাই। এরপর ৩১ জুলাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া প্রকল্পের মধ্য থেকে ২০টি দলকে শর্টলিস্ট করা হয়। ৩ আগস্ট অনুষ্ঠিত হয় শর্টলিস্ট হওয়া দলগুলোর অনলাইন লাইভ পিচ। 

সবশেষে ৫ আগস্ট বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে মাত্র ৫টি দলকে গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। বাংলাদেশের ‘টিম জেড-এআই বিডি’ সেই পাঁচটি সেরা দলের একটি হিসেবে জায়গা করে নিয়েছে।

দলটির নেতৃত্ব দিচ্ছেন ফুল স্ট্যাক ডেভলপার ও এআই প্রকৌশলী আবু নাসের মো. নাফি। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন লিগ্যাল রিভিউয়ার মো. ইনসাফুল রহমান তুষার, এআই প্রকৌশলী পুনাম চৌধুরী, এআই প্রকৌশলী মো. সানিউল বশির সাজ এবং ইউআই/ইউএক্স ডিজাইনার ফারহানা বর্ষা।

হ্যাকাথনে অংশগ্রহণকারী দলগুলোকে এমন একটি এআইভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করতে হচ্ছে, যা বিভিন্ন দেশের ডিজিটাল ট্রেড রেগুলেশন, ক্রস-বর্ডার ডেটা ফ্লো, ডেটা প্রটেকশন, প্রাইভেসি রেগুলেশনসহ ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত নীতিমালা স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করে। এছাড়াও রিজিওনাল ডিজিটাল ট্রেড ইন্টিগ্রেশন ইন্ডেক্স (আরডিটিআইআই)-এর জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও উপস্থাপন করতে সক্ষম হবে। এ ধরনের প্রযুক্তি ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণা, নীতিনির্ধারণ এবং ডিজিটাল সরকার ব্যাবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চূড়ান্ত পর্বে নির্বাচিত প্রতিটি দলকে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত অফলাইন ফাইনালে অংশগ্রহণের জন্য ভ্রমণ সহায়তা প্রদান করা হবে। সেখানে আন্তর্জাতিক বিচারক প্যানেলের সামনে দলগুলো তাদের পূর্ণাঙ্গ এআইভিত্তিক সমাধান উপস্থাপন করবে এবং সেখান থেকেই বিজয়ী দল নির্বাচন করা হবে। গ্র্যান্ড ফাইনাল আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে।

যবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থী মো. সানিউল বশির সাজ বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সফটওয়্যার গবেষণায় সক্রিয়ভাবে কাজ করে আসছেন। এ প্রতিযোগিতায় তার গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন যবিপ্রবির সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নওশিন আমিন শেখ।

সানিউল বশির সাজ জানান, আন্তর্জাতিক এই হ্যাকাথনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমি বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডি আরইএন)-এর প্রতিনিধি হিসেবে ‘টিম জেড-এআই’ দলের সঙ্গে কাজ করে এই অর্জন সম্ভব হয়েছে। আমাদের এই সাফল্যের পেছনে পুরো দলের নিরলস পরিশ্রম, পারস্পরিক সহযোগিতা এবং বিশেষ করে আমাদের টিম লিডার আবু নাসের মোহাম্মদ নাফি, ইনোভেশন ম্যানেজার, বিডিআরইএন-এর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক ও গবেষণা তত্ত্বাবধায়ক সহযোগী অধ্যাপক ড. মো. নৌওশিন আমিন শেখের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর সবসময় দিকনির্দেশনা, উৎসাহ ও অনুপ্রেরণা আমার গবেষণা এবং প্রযুক্তিগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

‘গ্লোবাল হ্যাকাথন ইউজিং এআই ফর ডিজিটাল ট্রেড রেগুলেটরি এনালাইসিস' জাতিসংঘের একটি বৈশ্বিক উদ্যোগ। তবে ইউএনইএসসিএপি-এর পাশাপাশি ইউএনসিটিএডি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউ টি ও), ওয়ার্ল্ড ব্যাংক, সিএমকেএল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি (এস এম ইউ) এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইন্সটিটিউট (ইইউআই)-সহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ববিদ্যালয় অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।

প্রতিনিধি/এলএ