লাইফস্টাইল ডেস্ক
০৬ আগস্ট ২০২৬, ০৪:২৬ পিএম
রক্ত বা ব্লাড গ্রুপের সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকির কোনো সরাসরি বা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে নানা জল্পনা রয়েছে। কোন ব্লাড গ্রুপের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক বেশি এবং কার কম, সে বিষয়ে সম্প্রতি বিস্তারিত জানিয়েছেন চিকিৎসকরা। তবে কারও রক্তের গ্রুপ যদি বি হয় এবং এর পাশাপাশি যদি পরিবারে ডায়াবেটিসের ইতিহাস, অতিরিক্ত ওজন, কম শারীরিক পরিশ্রম বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তবে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিংয়ের বিষয়ে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন।
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ৭০ মিলিয়নের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় দেশটিকে অনেক সময় ডায়াবেটিস রাজধানী বলা হয়ে থাকে। ডায়াবেটিস মূলত এক ধরনের জীবনযাত্রা সংক্রান্ত রোগ। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসি অনুসারে, কেউ যদি প্রি-ডায়াবেটিক হয়ে থাকেন, তবে জীবনযাত্রায় কিছু সুনির্দিষ্ট পরিবর্তন আনলে বেশি বয়সে টাইপ টু ডায়াবেটিস ধরা পড়ার আশঙ্কা থাকে। তবে শুধুমাত্র অনিয়ন্ত্রিত জীবনযাপন নয়, এর পেছনে আরও বেশ কিছু কারণ দায়ী থাকে, যার মধ্যে অন্যতম হলো মানুষের রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ।
কোনো নির্দিষ্ট রক্তের গ্রুপ থাকলেই যে কোনো ব্যক্তির ডায়াবেটিস হবে, বিষয়টি এমন নয়। ডায়াবেটিসের ঝুঁকির ক্ষেত্রে রক্তের গ্রুপের চেয়ে পারিবারিক ইতিহাস, অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, উচ্চ রক্তচাপ এবং অস্বাভাবিক কোলেস্টেরলের মাত্রার মতো বিষয়গুলোর ভূমিকা অনেক বেশি। তবে বিভিন্ন গবেষণায় নির্দিষ্ট কিছু রক্তের গ্রুপের সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকি বেশি হওয়ার ইঙ্গিত মিলেছে। কোন রক্তের গ্রুপের ডায়াবেটিসের ঝুঁকি বেশি এবং কারই বা সুগারের ঝুঁকি কম, সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতার ইএম বাইপাস এলাকার মণিপাল হাসপাতালের ডায়াবেটিস ও এন্ডোক্রিনোলজি বিভাগের কনসালট্যান্ট চিকিৎসক ডক্টর এস কে হাম্মাদুর রহমান।
গবেষণা অনুযায়ী, যাদের রক্তের গ্রুপ ও, তাদের ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে। অন্যদিকে, যাদের রক্তের গ্রুপ এ, তাদের টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি ও গ্রুপের তুলনায় প্রায় দশ শতাংশ বেশি হতে পারে। আবার সমীক্ষায় দেখা গেছে, যাদের রক্তের গ্রুপ বি, তাদের টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যান্য রক্তের গ্রুপের তুলনায় প্রায় একুশ থেকে আঠাশ শতাংশ পর্যন্ত বেশি হতে পারে।
বিশেষ করে সমীক্ষায় দেখা গিয়েছে, বি পজিটিভ রক্তের গ্রুপের মহিলাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। কেন এমনটা হয়, তার ব্যাখ্যায় গবেষকরা জানান যে যাদের রক্তের গ্রুপ ও নয়, তাদের রক্তে নন-উইলব্র্যান্ড ফ্যাক্টর নামক একটি বিশেষ প্রোটিনের পরিমাণ বেশি থাকে, যার ফলস্বরূপ রক্তে শর্করার মাত্রা বেশি থাকতে পারে।
এবি রক্তের গ্রুপের ক্ষেত্রে বিভিন্ন গবেষণা ও অঞ্চলে ভিন্ন ভিন্ন ফল পাওয়া গিয়েছে, তাই এ ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রমাণ এখনও ততটা সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে আরএইচ ফ্যাক্টর অর্থাৎ রক্তের গ্রুপ পজিটিভ না নেগেটিভ হওয়ার সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকির কোনো নির্দিষ্ট ও ধারাবাহিক সম্পর্কের প্রমাণ খুব একটা জোরালো নয়। এর একটি সম্ভাব্য কারণ হতে পারে যে রক্তের গ্রুপ নির্ধারণকারী জিন মানুষের শরীরের প্রদাহ, রক্তনালির কার্যকারিতা এবং বিপাকক্রিয়া বা মেটাবলিজমের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
এজেড