Dhaka Mail Logo

শিক্ষা

এইচএসসিতে অনুপস্থিত ৯ হাজারের বেশি, বহিষ্কার ৮

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৬, ০৭:৫৮ পিএম

সারা দেশে একযোগে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার অংশ হিসেবে মঙ্গলবার (৪ আগস্ট) নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ও ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন দুই বিষয়ের পরীক্ষায় মোট ৯ হাজার ১৯১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে নকল, অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আন্তঃশিক্ষা বোর্ড জানায়, এদিন দুই বিষয়ের পরীক্ষার জন্য ১ হাজার ৬২০টি কেন্দ্রে মোট ৩ লাখ ৩৭ হাজার ৪৩০ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ২৮ হাজার ২৩৯ জন। অর্থাৎ, মোট ৯ হাজার ১৯১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

আন্তঃশিক্ষা বোর্ড আরও জানায়, এদিন দিনাজপুর শিক্ষা বোর্ডে ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বোর্ডে ২ জন এবং রাজশাহী, কুমিল্লা ও বরিশাল শিক্ষা বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হন।

তবে ঢাকা, যশোর, সিলেট ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বোর্ডে ২ হাজার ৩০৭, রাজশাহী বোর্ডে ১ হাজার ১৯৯, চট্টগ্রাম বোর্ডে ৬৮৩, কুমিল্লা বোর্ডে ৯৯৭, যশোর বোর্ডে ১ হাজার ৮৭, সিলেট বোর্ডে ৫২৫, বরিশাল বোর্ডে ৭৫৩, দিনাজপুর বোর্ডে ৯২১ এবং ময়মনসিংহ বোর্ডে ৭১৯ জন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষায় ৩৬৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং নকলের দায়ে ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

তবে এদিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

এম/এএম