বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৪ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষা, শিখন ও গবেষণায় অ্যাকাডেমিক সততা নিশ্চিত এবং প্লেজিয়ারিজম প্রতিরোধে টার্নিটিন সফটওয়্যারের কার্যকর, দায়িত্বশীল ও নীতিগত ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি কার্যালয়ের উদ্যোগে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।
কর্মশালায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির অতিরিক্ত পরিচালক ড. ফারজানা দিবা।
মুখ্য আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. সালাউদ্দিন পলাশ।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক সততা প্রতিষ্ঠা, শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়ন এবং টার্নইটিন সফটওয়্যারটির প্রাতিষ্ঠানিক ও কার্যকর বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা উচ্চশিক্ষায় অ্যাকাডেমিক উৎকর্ষ অর্জনে প্রযুক্তির সঠিক ব্যবহার, নীতিগত চর্চা এবং গবেষণায় মৌলিকত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, এ কর্মশালার মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদনকে আরও কার্যকর, স্বচ্ছ ও মানসম্মত করতে টার্নিটিন সফটওয়্যারের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।
তিনি আরও বলেন, সফটওয়্যারটির কার্যকর ব্যবহার বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নির্ভুল ও ফলপ্রসূ করবে। একই সঙ্গে শিক্ষা ও গবেষণার সামগ্রিক গুণগত মান বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন ইনস্টিটিউট ও শাখার প্রধান এবং আমন্ত্রিত শিক্ষকরা অংশগ্রহণ করেন।
প্রতিনিধি/এজে