নিজস্ব প্রতিবেদক
০২ আগস্ট ২০২৬, ১০:০৩ পিএম
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
রোববার (২ আগস্ট) মাদরাসা শাখা-২ থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিটি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের মাধ্যমে দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা-২০২৫-এর প্রবিধি ৬৪ অনুযায়ী যেসব মাদরাসার অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেসব মাদরাসাসহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল করা হলো।
একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠন করে বিষয়টি বিভাগকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি জারি করা এসআরও নং-৮৯-আইন/২০২৬ অনুযায়ী প্রবিধানমালা-২০২৫ সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, সভাপতি মনোনয়নের ক্ষেত্রে মাদরাসাপ্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে তিনজনের একটি প্যানেল শিক্ষা বোর্ডে পাঠাবেন। আর সিটি করপোরেশন এলাকায় অবস্থিত মাদরাসার ক্ষেত্রে এ প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
এর আগে গত ২৪ জুন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড নতুন ‘দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি প্রবিধানমালা-২০২৫’ জারি করে। ওই প্রবিধানমালায় অ্যাডহক কমিটি গঠন, সভাপতি মনোনয়ন এবং পরিচালনা কাঠামোয় বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়।
পরবর্তীতে গত ৩০ জুলাই শিক্ষা মন্ত্রণালয় প্রবিধানমালার ৬৪ নম্বর প্রবিধানের একটি উপধারা সংশোধন করে নতুন এসআরও জারি করে। সর্বশেষ সেই সংশোধিত বিধিমালার আলোকেই দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এমএইচ/এএইচ