Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০২ আগস্ট ২০২৬, ০৮:৩৩ এএম

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি বিজয়-২৪ হল, বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম ও বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয়।

65ca5fa4-426d-4a9c-98bc-b123572bcd00

কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা  ‘জুলাই সনদ মেনে নে, নইলে গদি ছাইড়া দে; একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর; আলী-রায়হান-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ; চান্দা লাগলে চান্দা নে, জুলাই সনদ মাইনা নে; গণভোটের গণরায়, মানতে হবে মেনে নাও; লীগ ধর জেলে ভর; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ -এসব স্লোগান দিতে থাকেন।

50501306-293a-4cdb-8195-491a77d6e261

বিক্ষোভ পরবর্তী সমাবেশে শাখা ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক মেহেদী সজীবের সঞ্চালনায় সংগঠনটির অফিস সম্পাদক শামীম পাটোয়ারী বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্রসমাজ শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় করেছিল। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চেয়েছিলাম। মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চেয়েছে। কিন্তু বিএনপি সরকারের মুনাফেকি চরিত্র দেখা যাচ্ছে। যদি স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মানতেন তাহলে তিনি এখন শিলংয়ে থাকতেন আর তারেক রহমান লন্ডনে থাকতেন। বিএনপিকে জুলাই সনদের দাবি মেনে নিতেই হবে।

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান বলেন, সরকার গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বিএনপি জাতির সঙ্গে বেইমানি করেছে। তারা বেইমানের দল। জনগণের রায়কে তারা মেনে নেয়নি। আমাদের স্পষ্ট দাবি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। গণভোটের রায় না মানলে জনগণকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

বিক্ষোভ মিছিলটিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/টিবি