নিজস্ব প্রতিবেদক
০১ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদের শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজধানীর বাংলা একাডেমিতে একটি সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে অআকখ-এর উদ্যোগে এই আড্ডার আয়োজন করা হয়।
এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আলিয়া মাদরাসা ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অআকখ-এর নির্বাহী সাগর মল্লিক বলেন, পৃথিবী নির্মিত হয় গল্পের মাধ্যমে। তাই ভালো গল্পের মধ্য দিয়ে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিভিন্ন সাহিত্য ক্লাব একসঙ্গে কাজ করলে সাহিত্যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, সাহিত্য মানুষের মনের কথা বলার পাশাপাশি মনের দুয়ারও খুলে দেয়।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহি বলেন, আমাদের সাহিত্য ক্লাব বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থীদের নিয়ে পাঠচক্র আয়োজন করছে, যার মাধ্যমে চিন্তা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হচ্ছে।

আলোচনায় অংশ নিয়ে আলিয়া মাদরাসার এক শিক্ষার্থী সাহিত্য পাঠের ক্ষেত্রে নিজেদের সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন। পরে অআকখ-এর শেখ ফাতিমা পাপিয়া সাহিত্যকে কেন্দ্র করে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, এই সাহিত্য আড্ডায় মূলত সাধারণ শিক্ষার্থীদের সাহিত্যপাঠ, তাদের ভাবনা ও প্রতিক্রিয়া তুলে ধরা হয়। পাশাপাশি সাহিত্যের মাধ্যমে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা জোরদার করাই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে বেশি বেশি বই পড়া এবং ইতিবাচক চিন্তা চর্চার আহ্বান জানানো হয়।
এমএইচ/এফএ