নিজস্ব প্রতিবেদক
০১ আগস্ট ২০২৬, ০৮:৫৬ পিএম
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামছেন চাকরিপ্রত্যাশীরা।
দাবির অংশ হিসেবে রোববার (২ আগস্ট) এনটিআরসিএ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন তারা।
শনিবার (১ আগস্ট) শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসিএ’র বিধিমালা অনুযায়ী প্রতি বছর একটি করে শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও গত দুই বছর আট মাস ধরে নতুন কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এতে হাজারো চাকরিপ্রার্থীর বয়সসীমা অতিক্রম করছে এবং কয়েক লাখ নিবন্ধনধারী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
সংগঠনটির দাবি, মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হওয়ার সুযোগ নিশ্চিত করতে অবিলম্বে ৯ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এ দাবিতে রোববার সকাল ১০টায় এনটিআরসিএ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এমএইচ/এএইচ