নিজস্ব প্রতিবেদক
০১ আগস্ট ২০২৬, ০৬:১০ পিএম
ঢাকা কলেজে আনুষ্ঠানিকভাবে ‘শহীদ ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর পর্দা উঠেছে। আজ শনিবার (১ আগস্ট) উদ্বোধনী ম্যাচে অর্থনীতি বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাধ্যমে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।
এবারের টুর্নামেন্টে ঢাকা কলেজের মোট ১৯টি বিভাগ অংশগ্রহণের জন্য নিবন্ধন করে। প্রাথমিক কোয়ালিফাই পর্ব শেষে ১৬টি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এসব দলকে নিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত এই ফুটবল আসর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের উপদেষ্টা ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মো. জিয়াউর রহমান খন্দকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ, ঢাকা কলেজের সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু নাঈম এবং জাহিদ হোসেন সিয়াম, সাব্বির হোসেন স্বাধীন, আমান উল্লাহ আমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন এবং অংশগ্রহণকারী সকল দলের জন্য শুভকামনা জানান।
উল্লেখ্য, শহীদ ওয়াসিমের স্মৃতিকে ধারণ করে প্রতিবছরের ন্যায় এবারও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা, নেতৃত্বের বিকাশ এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এসএইচ/এএস