নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম
ঢাকা কলেজের শহীদ মো. ফরহাদ হোসেন ছাত্রাবাস সংলগ্ন চলাচলের সড়কের উপর আড়াআড়িভাবে হেলে রয়েছে একটি উপড়ে পড়া কড়ই গাছ। প্রায় এক মাস ১০ দিন পার হলেও গাছটি অপসারণে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি কলেজ প্রশাসন।
গত ২০ জুন ঝড়ের সময় ফরহাদ হলের সামনের কড়ই গাছটি গোড়াসহ উপড়ে পড়ে। এতে হলের পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়। পরে কলেজের কর্মচারীরা গাছটি দড়ি দিয়ে পাশের আরেকটি গাছের সঙ্গে বেঁধে সাময়িকভাবে ঠেকিয়ে রাখেন। এরপর থেকে সেটি একই অবস্থায় পড়ে রয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সরেজমিনে দেখা যায়, গাছটি এখনও অপর একটি গাছের ওপর হেলে আছে। নিচের সড়ক দিয়েই নিয়মিত চলাচল করছেন শিক্ষার্থীরা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
দীর্ঘ সময় ধরে ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
দক্ষিণায়ন হলের আবাসিক শিক্ষার্থী নাহিয়ান রেহমান রাহাত বলেন, ‘গত কয়েকদিন আগের ঝড়ে হলপাড়ার মূল সড়কে একটি গাছ পড়ে যাওয়ার পর থেকে রাস্তা কার্যত বন্ধ হয়ে আছে। এতে আবাসিক শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি হচ্ছে। সাইকেল নিয়েও চলাচল করা যাচ্ছে না। এটি শুধু একটি গাছ পড়ে থাকার বিষয় নয়, বরং শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের অবহেলারই প্রতিফলন। আমরা শুধু এই গাছ নয়, হলের অন্যান্য সমস্যারও দ্রুত সমাধান চাই।’
শিক্ষার্থী সাকিব আল হাসান বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তার বিষয়টি কখনোই অবহেলা করা উচিত নয়। অথচ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ একটি গাছ পড়ে থাকলেও প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। কোনো দুর্ঘটনা ঘটার অপেক্ষা না করে দ্রুত গাছটি অপসারণ করা প্রয়োজন। কোনো শিক্ষার্থীর ক্ষতি হলে তার দায় কে নেবে?’
এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ বলেন, ‘গাছ অপসারণের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। তাদের বৃহস্পতিবার আসার কথা থাকলেও অনিবার্য কারণে আসতে পারেননি।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল গাছটি অপসারণ করা হবে। ঢাকা শহরে চাইলেই গাছ কাটার দক্ষ লোকজন পাওয়া যায় না। সে কারণেই কিছুটা বিলম্ব হয়েছে। তবে আগামীকালই কাজটি সম্পন্ন হবে।’
এম/এমআই