নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম
দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বইপড়া অভ্যাস গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে বইপড়া কর্মসূচির পাইলটিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রতিটি উপজেলা বা থানা থেকে একটি বালক বিদ্যালয়, একটি বালিকা বিদ্যালয় ও একটি মাদরাসাসহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) অধিদফতরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং উচ্চপর্যায়ের সভাগুলোতে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বইপড়া কর্মসূচির পাইলটিং কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ জন্য প্রতিটি উপজেলা বা থানা থেকে একটি বালক বিদ্যালয়, একটি বালিকা বিদ্যালয় এবং একটি মাদরাসা নির্বাচন করে আগামী তিন দিনের মধ্যে তালিকা পাঠাতে হবে।
এ লক্ষ্যে সব জেলা শিক্ষা কর্মকর্তাকে নিজ জেলার আওতাধীন উপজেলা ও থানাগুলোর নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকা একত্র করে dir-admin@dshe.gov.bd ও mailto:dir-admin@dshe.gov.bd ঠিকানায় ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদফতর বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সব জেলা শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছে।
এমএইচ/এমআই