Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

জাবি প্রক্টরের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জাকির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৯ জুলাই ২০২৬, ১০:৩৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম প্রক্টর পদ থেকে পদত্যাগ করায় নতুন প্রক্টর পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২৯ জুলাই অপরাহ্ণ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মো. জাকির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে আরো উল্লেখ করা হয়, নবনিযুক্ত প্রক্টর প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব হস্তান্তর ও গ্রহণসংক্রান্ত সার্টিফিকেট যথাসময়ে নিয়ামক কর্মকর্তার কাছে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমকে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

প্রতিনিধি/ এজে