বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘জুলাই ’২৪-এ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার বিভাগের মিডিয়া ল্যাবে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম।

উপাচার্য মো. রইছ উদ্দীন জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি নৈতিকতা, সত্যনিষ্ঠা ও বস্তুনিষ্ঠতা। সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সত্যতা নিশ্চিত করা এবং অন্যায়-অসত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া সাংবাদিকদের দায়িত্ব। ভবিষ্যৎ সাংবাদিকদের পেশাগত মূল্যবোধ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের প্রসঙ্গে উপাচার্য বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিত উদ্যোগেই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।

প্রধান আলোচক তৌহিদুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের সময় গণমাধ্যমের ভূমিকা, সংকটকালীন সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও পেশাগত নৈতিকতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ওই সময়ের অভিজ্ঞতা ভবিষ্যৎ সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। মানুষের আস্থা অর্জনে সত্যনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।
আলোচনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ নিস্তার জাহান কবির এবং পিআরআইপি পরিচালক অধ্যাপক মুহাম্মদ আনওয়ারুস সালাম বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানকালে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক/এআর