নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৮ ক্যাটাগরির পদের ৩১ জুলাই অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাত সোয়া ৯টার দিকে পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১৩তম থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী এবং টেলিফোন অপারেটর; এই আট ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে পিএসসির ওয়েবসাইট এবং পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে শুধু ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে। এর বাইরে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি।
এমএইচ/এএইচ