Dhaka Mail Logo

শিক্ষা

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ঘিরে লোগো-রিলস-থিম সং আহ্বান

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। প্রতিযোগিতাকে ঘিরে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে। নির্বাচিত সেরা সৃষ্টিগুলোর নির্মাতাদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী।

সোমবার (২০ জুলাই) মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির অধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এ আহ্বানে অংশ নিতে পারবেন। আগ্রহীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে তাদের তৈরি লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং hpmgoldcup@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, লোগো PNG, JPG অথবা JPEG ফরম্যাটে জমা দিতে হবে। রিলস তৈরি করে তার লিংক ই-মেইলে পাঠাতে হবে এবং এর বিষয়বস্তু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট হতে হবে। থিম সং ওয়ার্ড ও পিডিএফ—উভয় ফরম্যাটে জমা দিতে হবে। একইভাবে মাসকট ও স্লোগানও ই-মেইলের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া প্রতিটি জমার সঙ্গে একটি সচল মোবাইল নম্বর ও পূর্ণাঙ্গ যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে। তবে যারা এর আগে লোগো, রিলস ও থিম সং জমা দিয়েছেন, তাদের পুনরায় সেগুলো পাঠানোর প্রয়োজন হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এম/এমআই