নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে কারিগরি শিক্ষা অধিদফতর। আগামী ২১ জুলাই দুপুর ২টার মধ্যে নির্ধারিত ছকে হার্ডকপি ও সফটকপি উভয় আকারে এসব তথ্য পাঠাতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কারিগরি শিক্ষা অধিদফতরের জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি দেশের সব বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, অধিদফতরাধীন বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের তথ্য জরুরি ভিত্তিতে নির্ধারিত ছক অনুযায়ী আগামী ২১ জুলাই দুপুর ২টার মধ্যে অধিদফতরে পাঠাতে হবে। সফটকপি ই-মেইলে (eftmpo.dte@gmail.com) এবং হার্ডকপি সরাসরি অধিদফতরে জমা দিতে হবে।
অধিদফতরের নির্ধারিত ছকে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, এমপিও কোড, এমপিওভুক্তির জিও জারির তারিখ, প্রতিষ্ঠানের ধরন (সংযুক্ত বা স্বতন্ত্র), প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর এবং বিষয়ভিত্তিক শূন্য পদের তথ্য দিতে হবে।
এ ছাড়া শূন্য পদের তালিকায় পদের নাম, গ্রেড বা শ্রেণি, অনুমোদিত মোট পদ, এমপিও ও নন-এমপিও কর্মরত জনবলের সংখ্যা, শূন্য পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক মন্তব্য উল্লেখ করতে বলা হয়েছে।
অধিদফতর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সব বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এসব তথ্য পাঠাতে হবে।
এমএইচ/এফএ