Dhaka Mail Logo

শিক্ষা

৪৭তম বিসিএস: প্রাণিসম্পদ ক্যাডারের সংশোধিত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই ২০২৬, ১০:৪৮ পিএম

২০২৪ সালের ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলে বড় ধরনের সংশোধন এনে বিসিএস (পশুসম্পদ) ক্যাডার এবং ৯ম ও ১০ম গ্রেডের ছয়টি নন-ক্যাডার পদের সংশোধিত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সংশোধিত ফল প্রকাশ করা হয়।

সংশোধিত ফলাফলে পশুসম্পদ ক্যাডারে নতুন করে আরও ১৪ জন প্রার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ৯ম ও ১০ম গ্রেডের একাধিক নন-ক্যাডার পদেও নতুন তালিকা প্রকাশের মাধ্যমে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।

পিএসসি জানিয়েছে, গত ২৮ জুন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তির অনুচ্ছেদ-০৬ অনুযায়ী এবং একই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় একটি প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডার পদে নতুন করে আরও ১৪টি রেজিস্ট্রেশন নম্বর সংযোজন করা হয়েছে।

এর ফলে বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের অধীন ভেটেরিনারি সার্জন, সায়েন্টিফিক অফিসার, লেকচারার, স্টোর অফিসার বা সমমানের পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। এ ক্ষেত্রে পূর্বে প্রকাশিত ফলাফলের পরিবর্তে নতুন সংশোধিত তালিকাই কার্যকর হবে।

ক্যাডার পদের এই সংশোধনের প্রভাবে নন-ক্যাডার পদের ফলাফলেও পরিবর্তন এসেছে। সংশোধিত বিজ্ঞপ্তিতে ৯ম ও ১০ম গ্রেডের মোট ৬টি নন-ক্যাডার পদের নতুন ফল প্রকাশ করা হয়েছে।

৯ম গ্রেডে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বা সমমানের পদে ১০ জন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদফতরের সহকারী পরিচালক পদে একজন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে ১০ম গ্রেডে খাদ্য অধিদফতরের খাদ্য পরিদর্শক বা সমমানের পদে ৪৪ জন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে পরিবার পরিকল্পনা অধিদফতরের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ৫৮ জন, নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসার পদে ১৯ জন এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর পরিদর্শক পদে ৩১ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।

এম/এফএ