নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, পাঠ্যক্রম আধুনিকায়ন, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ, একাডেমিক তদারকি জোরদার এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে উচ্চশিক্ষার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে শিক্ষকেদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, গত ১৭ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দলীয়করণের কারণে দেশের শিক্ষার স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়েছে। এর ফলে শিক্ষার পরিবেশ, প্রশাসনিক স্বচ্ছতা ও একাডেমিক সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সেই পরিস্থিতি থেকে শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করছে।
অধ্যাপক আমানুল্লাহ বলেন, বাগবাড়ির এই কলেজের বর্তমান অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরে। দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের কারণে অনেক সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠান পিছিয়ে পড়েছে। এ পরিস্থিতি উত্তরণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, এই স্থানটি এমন একজন রাষ্ট্রনায়কের জন্মস্থান, যিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে জাতিকে সাহস ও দিকনির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে অনুপ্রাণিত করেছিল এবং পরে তিনি জেড ফোর্সের নেতৃত্ব দেন। ইতিহাসের এ বিষয়টি নতুন প্রজন্মের সামনে যথাযথভাবে তুলে ধরার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে উপাচার্য বলেন, দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব নয়। তিনি বলেন, শিক্ষক শুধু পাঠদানই করেন না, ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র, মূল্যবোধ ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ কারণে শিক্ষকদের প্রশিক্ষণ, গবেষণায় সম্পৃক্ততা এবং প্রযুক্তিনির্ভর পাঠদান নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান নয়; এটি দেশের উচ্চশিক্ষার বৃহত্তম প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের কর্মমুখী ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তুলতে ধারাবাহিকভাবে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
শিক্ষক সমাজের উদ্দেশে উপাচার্য বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশের উচ্চশিক্ষা আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।
মতবিনিময় সভা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রিন ক্যাম্পাস ও ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন উপাচার্য। তিনি একটি বনজ ও একটি ফলদ গাছের চারা রোপণ করেন।
শহীদ জিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দীনসহ বগুড়া অঞ্চলের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন। সভায় কলেজ শিক্ষার মানোন্নয়ন, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা, শিক্ষক-শিক্ষার্থীবান্ধব পরিবেশ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এআর