Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

অভ্যুত্থানকে ব্যঙ্গ করে চবি শিক্ষকের পোস্ট, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৩ জুলাই ২০২৬, ০৯:১৯ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

রোববার (১২ জুলাই) বিকেলে চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মো. মোনায়েম শরীফের স্বাক্ষরিত স্মারকলিপিটি উপাচার্যের দপ্তরে জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়— বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট প্রকাশ করেছেন, যা আমাদের কাছে জুলাই গণঅভ্যুত্থানকে বিদ্রূপ, খাটো ও অবমাননা করার প্রচেষ্টা বলে প্রতীয়মান হয়েছে।

এসময় তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তিনটি দাবি জানান। দাবিগুলো হলো— ১. অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর ওই ফেসবুক পোস্ট ও মন্তব্যের বিষয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।

২. তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও শৃঙ্খলা বিধান অনুযায়ী তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. ভবিষ্যতে কোনো শিক্ষক বা কর্মকর্তা জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ কিংবা গণঅভ্যুত্থান নিয়ে দায়িত্বহীন ও বিতর্কিত মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারেন, সে বিষয়ে কার্যকর নীতিমালা ও নির্দেশনা জারি করতে হবে।

ড. আবদুল ওয়াহেদ ক্যাম্পাসে আওয়ামী লীগ পন্থী শিক্ষক বলে পরিচিত। তিনি ২০১২ সালে চবির প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ২০১৪ সালে সহকারী অধ্যাপক, ২০২১ সালে সহযোগী অধ্যাপক এবং সর্বশেষ গত এক মাস আগে অধ্যাপক পদে পদোন্নতি পান। এর মাঝে ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন।

গত ৩ জুলাই এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জুলাই FDC হতে পারে, জুলাই FDR হতে পারে, জুলাই DPS হতে পারে, জুলাই SWISS হতে পারে, জুলাই 7.62 হতে পারে, জুলাই সিজার হতে পারে। কিন্তু জুলাই CDI কেন হবে ভাই? হুন্ডা CDI একটা ভালো মোটরসাইকেল। সবাইকে আমার জন্ম মাসের শুভেচ্ছা। জুলাই......আস্তাগফিরুল্লাহ (হাই আসছে তো তাই বললাম)।’

এছাড়াও গত ৭ ও ২০ জুন জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গকে নিয়ে একাধিক ফেসবুক পোস্ট করেন, যেখানে তাকে অশালীন শব্দ চয়ন করে কথা বলতে দেখা যায়।

এদিকে, ড. আবদুল ওয়াহেদের এসব ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রুবেল তাকে সমর্থন জানিয়ে ফেসবুকে লেখেন, ‘আপনি আমাদের আইকন, স্যার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনি সাহসের পরিচয় দিয়েছেন। স্যালুট, স্যার।’

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহিদ চৌধুরী বলেন, আমি স্যাটায়ার করার জন্য ফেসবুকে লিখি। ওটাকে সিরিয়াসলি নেই না। আমার ওই ফেসবুক পোস্টটাও তেমনই। অনেকে আমার ওই লেখাটিকে অভিনেত্রী শাওনের সঙ্গে মিলাচ্ছে। কিন্তু আমি ওই মিনিংটা বুঝাই নাই।

 

তিনি আরও বলেন, তবে, জুলাইয়ে প্রকৃতপক্ষে যারা মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছেন, ত্যাগ করেছেন, তারা যদি আমার এই লেখায় কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের প্রতি দুঃখিত। কেননা, জুলাই রেসপেক্টফুল, জুলাইয়ের চেতনা রেসপেক্টফুল।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, তিনি যদি এরকম কোনো কাজ করে থাকেন, তাহলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি