নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম
টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে ঢাকা কলেজ। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও খোলা জায়গায় পানি জমে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। চরম ভোগান্তি তৈরি হয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের চলাচলে।
রোববার (১২ জুলাই) ভোর থেকে রাজধানীতে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়।
শিক্ষার্থীরা জানায়, সকালের পর থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে থাকলে ঢাকা কলেজ ক্যাম্পাসের হল পাড়ার বিভিন্ন সড়ক, একাডেমিক ভবনের সামনের অংশ এবং আবাসিক এলাকার নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। হল মাঠ এবং চারপাশের রাস্তাসহ হলের ভবনের সামনের অংশ পানিতে তলিয়ে গেছে। অনেক শিক্ষার্থীকে প্যান্ট গুটিয়ে ও জুতা হাতে নিয়ে হাঁটতে দেখা গেছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় ক্যাম্পাসের অভ্যন্তরে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই ঢাকা কলেজের বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় টানা বৃষ্টি হলেই পরিস্থিতি খারাপ হয়ে পড়ে। এতে ক্লাসে যাওয়া, প্রশাসনিক কাজে অংশ নেওয়া এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে তাদের দুর্ভোগ পোহাতে হয়।
এদিকে শুধু ঢাকা কলেজ নয়, টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষসহ শহরে চলাচলকারীদের ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। আবহাওয়া পরিস্থিতির কারণে রাজধানীতে সাময়িক জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কার কথা আগেই জানিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এম/ক.ম