নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ উপড়ে পড়ে একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সে সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় এবং আশপাশে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় বড় কোনো বিপদ হয়নি।
রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে বাসটির সামনের ও মাঝামাঝি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সাধারণ সম্পাদক আব্দুল আলীম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গাছ উপড়ে পড়ে একটি বাস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর রহমতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। গাছটি শিক্ষার্থীদের ওপর পড়লে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত।’
তিনি আরও বলেন, ক্যাম্পাসে থাকা ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় গাছটি উপড়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। উপড়ে পড়া গাছ সরিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে বেশ কয়েকটি পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। ভারী বৃষ্টি ও দমকা বাতাসে এসব গাছ থেকে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই সম্ভাব্য ঝুঁকি এড়াতে দ্রুত জরিপ চালিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছগুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এমআর/এএইচ