নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৬, ০৪:৫৭ পিএম
এইচএসসি ও সমমান পরীক্ষার পঞ্চম দিনে বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।
শনিবার (১১ জুলাই) আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২৯ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষায় মোট ৮ লাখ ২৪ হাজার ১৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩ হাজার ৩৪৬ জন। অসদুপায় অবলম্বনের দায়ে এসব বোর্ডে ১৮ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
এর মধ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সর্বোচ্চ চারজন বহিষ্কার হয়েছেন। এছাড়া দিনাজপুর ও কুমিল্লা শিক্ষা বোর্ডে তিনজন করে এবং ঢাকা, রাজশাহী, যশোর ও সিলেট শিক্ষা বোর্ডে দুজন করে পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৯ জন বহিষ্কার হয়েছেন। কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কার হয়েছেন আরও দুজন পরীক্ষার্থী।
এর আগে চতুর্থ দিনের পরীক্ষায় মোট ৮০ জন পরীক্ষার্থী বহিষ্কার হন, যা চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম চার দিনের মধ্যে সর্বোচ্চ।
তার আগে পরীক্ষার প্রথম দিনে সাতজন, দ্বিতীয় দিনে ১৭ জন এবং তৃতীয় দিনে ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছিলেন।
এম/এএইচ