নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৬, ০১:১১ পিএম
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সব কেন্দ্র শতভাগ নকল ও প্রভাবমুক্ত রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি কেন্দ্রপ্রধানদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেছেন, কোনো ধরনের অনিয়ম, প্রশ্নফাঁস বা অসদুপায়ের চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।
রোববার (২৮ জুন) আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রপ্রধানদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের পরিবেশ অবশ্যই শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখতে হবে। এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের অপচেষ্টা বরদাশত করা হবে না। পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ‘শিক্ষা খাতে বিভিন্ন আইনি জটিলতা ও মামলাজটের কারণে অনেক সময় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়। এ ধরনের অচলাবস্থা দূর করে শিক্ষাঙ্গনে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল পরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’
সভায় সিলেট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সুষ্ঠু পরীক্ষা আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এম/এআরএম