Dhaka Mail Logo

শিক্ষা

কওমি শিক্ষার্থীদের চাকরির নতুন সুযোগ

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন ২০২৬, ০৪:৫৯ পিএম

কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (তাকমিল) উত্তীর্ণ আলেমদের জন্য সরকারি নিয়োগের ক্ষেত্রে একটি বড় সুখবর এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ বেসরকারি মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধন করে সহকারী মৌলভী (কারি) এবং ইবতেদায়ি কারি পদে নিয়োগের ক্ষেত্রে দাওরায়ে হাদিসের সনদকে যুক্ত করেছে।

সোমবার (২৩ জুন) মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া স্বাক্ষরিত এক পরিপত্রে এই নতুন যোগ্যতার কথা জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, এখন থেকে সহকারী মৌলভী (কারি) ও ইবতেদায়ি কারি পদে নিয়োগের জন্য ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে দাওরায়ে হাদিস (তাকমিল) সনদধারীরাও আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ইলমে কিরাত বা হিফজুল কোরআন সনদ থাকা আবশ্যক হবে।  

নিয়োগের অন্যান্য শর্তাবলী
বয়সসীমা: আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর। তবে সমপদের ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য করা হয়েছে।

শিক্ষাগত মান: পুরো শিক্ষা জীবনের যেকোনো স্তরে মাত্র একটি ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে, এর বেশি থাকলে আবেদন করা যাবে না। 

 

বেতন স্কেল ও গ্রেড

১. সহকারী মৌলভী (কারি): সাধারণ ক্ষেত্রে ১১তম গ্রেডে ১২,৫০০-৩০,২৩০ টাকা বেতন স্কেল নির্ধারিত হয়েছে।

তবে আলিম মুজাওয়িদসহ ফাজিল সনদধারী হলে ১০ম গ্রেডে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা বেতন স্কেল প্রাপ্য হবেন।

২. ইবতেদায়ি কারি: এই পদের জন্য ১৬তম গ্রেডে ৯,৩০০-২২,৪৯০ টাকা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন নীতিমালা অবিলম্বে কার্যকর হবে, যা কওমি আলেমদের মূলধারার শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের সুযোগ আরও প্রশস্ত করবে।

ক.ম/