Dhaka Mail Logo

শিক্ষা

জবির ১৬ বছরের দুর্নীতির তদন্ত শুরু, দায়িত্বে সাইফুজ্জামান হিরো

নিজস্ব প্রতিবেদক

২২ জুন ২০২৬, ১০:৩৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি, আপগ্রেডেশন এবং বেতন গ্রেডে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে কার্যক্রম শুরু হয়েছে। তদন্তের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুজ্জামান হিরো।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) সিন্ডিকেটের ১১১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছেন। তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত সময়ে ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়োগ, পদোন্নতি, আপগ্রেডেশন, বেতন গ্রেড প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে কোনো অনিয়ম বা আর্থিক দুর্নীতি হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রতিবেদন দিতে হবে।

তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার উত্তর-পূর্ব কর্নারের একটি কক্ষ অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। তদন্তকারীর সম্মানি নির্ধারণ করা হয়েছে তার অবসরকালীন সর্বশেষ বেতনের সমপরিমাণ। পাশাপাশি তিনি পিক অ্যান্ড ড্রপ সুবিধা ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা পাবেন। তদন্ত কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মশিরুল ইসলাম সাচিবিক দায়িত্ব পালন করবেন এবং সব দপ্তরকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

সাইফুজ্জামান হিরো ২০১৮ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন সৎ ও ন্যায়পরায়ণ বিচারক হিসেবে সুপরিচিত।

এআর