images

শিক্ষা / সারাদেশ

অনুষদে প্রথম হওয়ায় ইউজিসি মেধাবৃত্তি পেলেন বাকৃবির ৬ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৮ জুন ২০২৬, ০২:১৯ পিএম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তি অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬ অনুষদের ৬ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার কাছ থেকে তারা আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের চতুর্থ বর্ষে অধ্যয়নরত এবং নিজ নিজ অনুষদে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের ইউজিসির এই মেধাবৃত্তির জন্য মনোনীত করা হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন,—বায়েজিদ আলম (আইডি: ২১০১১০৮), ভেটেরিনারি অনুষদ, খালিদ হাসান (আইডি: ২১০২০৪১), কৃষি অনুষদ, মো. জামিল হোসেন (আইডি: ২১০৩১২৬), এনিমেল হাজবেন্ড্রি অনুষদ, যুথি দত্ত (আইডি: ২১০৪০৬৮), কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, মো. শাদমান জামান রোহিত (আইডি: ২১০৫০৮৪), কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং মো. গোলাম সাকলায়েন আনাস (আইডি: ২১০৬০৯০), মাৎস্যবিজ্ঞান অনুষদ।

বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মেধাবৃত্তি বাবদ ২৪ হাজার টাকা এবং বই-পুস্তক ক্রয়ের জন্য ২ হাজার টাকাসহ মোট ২৬ হাজার টাকা করে পেয়েছেন। এ হিসেবে ৬ শিক্ষার্থীর মধ্যে সর্বমোট ১ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি শিক্ষার্থীদের দেশের কৃষি ও কৃষিভিত্তিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, ইউজিসি প্রতিবছর দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন অনুষদে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এ মেধাবৃত্তি প্রদান করে থাকে।

প্রতিনিধি/টিবি